রিপোর্ট: রত্না বেগম
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের নাম অনিক (২০)। তিনি উপজেলার দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মিস্টার গ্রুপের সমর্থক মামুন নামে এক প্রবাসী গুলিতে নিহত হন। এ হত্যা মামলার আসামি হওয়ার পর জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের লোকজন এলাকা ছাড়া হয়।
এরপর থেকে দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ওঠার চেষ্টা করছিল জবা গ্রুপ।
এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোরে স্পিডবোটে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ঢুকে জবা ও তার সমর্থকরা। এ সময় তারা অতর্কিত হামলা চালালে মিস্টর গ্রুপের লোকজন প্রতিহত করতে এগিয়ে যান। এতে অনিক নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’