মহেশপুর ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র মেদিনীপুর বিওপির একটি টহল দল একই দিন সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. মোতালেব মাষ্টারের আমবাগানের পাশের কাঁচা রাস্তা থেকে মো. সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ৪টি সম্পূর্ণ বার, ৩টি ভাঙা বার ও ১টি ভাঙা টুকরা রয়েছে। এসব স্বর্ণের মোট ওজন ৭৯৩.৬৯ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।আটক সিকান্দার আলী চুয়াডাঙ্গা জেলারজীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে। পরে তাকে জব্দকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।