কেন্দুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়,২ সিএনজি চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া -আঠারোবাড়ি সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে তাদের সতর্ক করে দেয়া হয়েছে।
জরিমানাকৃত চালকরা হচ্ছেন কমলপুর গ্রামের সাগর মিয়া এবং মনকান্দা গ্রামের মনির হোসেন।
বুধবার (৩ জুন) দুপুর ১২ টার দিকে কেন্দুয়া পৌরসভার সদর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম উল ইসলাম চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া আঠারোবাড়ি সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া নির্ধারণ এবং অভিযান পরিচালনা করা হলেও কিছু চালকের সিন্ডিকেটের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম উল ইসলাম চৌধুরী বলেছেন, যাত্রীদের
ভোগান্তি ও হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
০৩/০৬/২০২৬
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট