নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র সংঘর্ষ, কলেজ ছাত্র নিহত
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা সদরে বিয়ের আসরে উচ্চস্বরে গান বাজানোকে
কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল মিয়া (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়। সোমবার(১ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বামনিকোণার সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মিয়া উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বামনীকোনা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো এবং ভিডিও বানানোর ঘটনা নিয়ে ফয়সলের সাথে সেখানে আসা অন্যদের সাথে কথা কাটাকাটি হয়। তখন বিয়ে বাড়ির লোকজন তাদের ঝগড়া থামিয়ে দেয়। কিন্তু কিছুক্ষন পর কয়েকজন তরুণ লাঠি সোটা নিয়ে ফয়সলের উপর হামলা চালায় এবং কারেন্টের শক দেয়। ফয়সল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে এই অবস্থাতেই তাকে নেত্রকোনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে বামনিকোণায় বিয়ে বাড়িতে সংঘর্ষে ফয়সাল মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
02/06/2026