ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান, সীতাকুণ্ডে গ্রাহকদের মানববন্ধন
এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:
Islami Bank Bangladesh PLC-কে ঘিরে চলমান “ষড়যন্ত্র” প্রতিহত করতে গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দাবি করেন, দেশের ব্যবসায়ী, কৃষক, প্রবাসী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক এই ব্যাংককে দুর্বল বা দেউলিয়া করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রবিবার সকাল ১০টায় সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত গ্রাহক সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। তারা অবিলম্বে নতুন এমডি কামালউদ্দিনকে অপসারণ করে সাবেক এমডি ওমর ফারুখ খানকে পুনর্বহালের দাবি জানান।
গ্রাহক ব্যবসায়ী আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রাহক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল কাসেম।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের লাখো গ্রাহক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই এ খাতকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। কর্মসূচি শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।