নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেললাইন সম্প্রসারণ বাস্তবায়নের পথে এগোচ্ছে। বুধবার (১৩ মে) দুপুরে জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শন করেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এসময় রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনসহ রেলওয়ে ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার বলেন, “জারিয়া স্টেশনটি ১০৮ বছরের পুরোনো হলেও এ অঞ্চলে রেলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এলাকাবাসীর প্রাণের দাবি। দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্প বাস্তবায়নে কাজ করা হবে।”
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, লোকোমোটিভ সংকটের কারণে বন্ধ থাকা কিছু ট্রেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
দুর্গাপুরে রেললাইন সম্প্রসারণে উচ্চপর্যায়ের পরিদর্শন, জেগেছে নতুন আশা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
দুর্গাপুরে রেললাইন সম্প্রসারণে উচ্চপর্যায়ের পরিদর্শন, জেগেছে নতুন আশা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি