কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, অবৈধ মাটি কাটায় জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার জামালপুর, চুপাইর, পিপুলিয়া ও নাগরী ইউনিয়নের দারকাভাংগা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
আদালত সূত্রে জানা যায়, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল নাজমুল আলম (৪২) নামের এক ব্যক্তি। বুধবার একই ধরনের ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নাজমুল আলম উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এছাড়া একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—পিপুলিয়া গ্রামের মো. আতিক (৪৮) এবং নাগরী ইউনিয়নের দারকাভাংগা গ্রামের মো. মাহবুবুর রহমান (৪৮)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষ দায়িত্ব পালন করেন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের এ তৎপরতায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল আলমকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, অবৈধ মাটি কাটায় জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, অবৈধ মাটি কাটায় জরিমানা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি