নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের শিক্ষার্থীরা।
সমাবেশে সঞ্চালনা করেন মাহতাব আহমেদ মাহি। এতে বক্তব্য দেন ইমরুল হাসান পারভেজ, রাতুল ইসলাম, জুবায়দুল ইসলাম, জুবায়ের ইসলাম সিয়াম, শিমু সিকদার ও হাবিব হাসান।
বক্তারা বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো বিচার হয়নি। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শেষে দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ বাড়তে পারে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকার পুরানা পল্টন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে ভারত গ্রেফতার করলেও এখন পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হয়নি বলে অভিযোগ রয়েছে।