নীলফামারীর কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ও ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহ্বায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রথম দিনে ২৮০ জনকে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের গঠিত একটি কমিটি আবেদনপত্র যাচাই করে কার্ড বিতরণ করছে। সাধারণ ইউনিয়নবাসীদের নিজ নিজ ইউনিয়ন পরিষদে এবং চাকুরিজীবীদের পল্লী উন্নয়ন অফিস থেকে কার্ড দেওয়া হচ্ছে। আবেদনকারীদের পেশা ও চাহিদার ভিত্তিতে প্রত্যেক কার্ডে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জ্বালানি তেল মজুতদারি রোধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি জানান। কার্ড বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে।