আলতাব হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ভুক্তভোগী প্রবাসী রনির স্ত্রী রুবিয়া বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী আলতাব হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলতাব হোসেন আরও বেপরোয়া হয়ে ওঠেন। তার স্বামী বিদেশে অবস্থান করার সুযোগে তাকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে শেরপুর উপজেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। রুবিয়া বেগম আরও বলেন, এ সুযোগে আলতাব হোসেন তার স্বামীর পৈতৃক ভিটাসহ প্রায় ১৫ শতক জমি জবরদখলের চেষ্টা চালান। এ ঘটনায় তিনি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯পি/২০২৬ নম্বর একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেন। কিন্তু গত ১৯ এপ্রিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আলতাব হোসেন প্রভাব খাটিয়ে তাদের জমিতে লাগানো কলাবাগানের সব গাছ উপড়ে ফেলেন এবং জমিটি অবৈধভাবে দখলে নেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলতাব হোসেন বলেন, জমিটি তার ক্রয়কৃত। তিনি জানান, কিছুদিন আগে রনির স্ত্রী একটি মামলা দায়ের করলে আদালত দুই মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের আদেশ অমান্য করে রনির স্ত্রী জমিতে কলাগাছ রোপণ করেন। পরে তিনি সেই গাছগুলো তুলে ফেলেন।