অলিপুর বাজারে র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে ভোজ্য তেল অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এসব অনিয়ম প্রতিরোধে র্যাব-৯ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ দল রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে অভিযান চালায়।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রির দায়ে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে তোফাজ্জল (৩৫)-কে ২০ হাজার টাকা, রাজু (৪০)-কে ৫ হাজার টাকা এবং সালাউদ্দিন (৫৫)-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৩২ হাজার টাকা।
র্যাব-৯ জানায়, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।