আবু জাফর বিশ্বাস, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এসময় তারা প্রশাসককে অভিনন্দন জানিয়ে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার লিটন ও অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমির হোসেন এবং লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেনসহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার, জিয়াউল ইসলাম জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এসময় ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম প্রশাসকের হাতে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তির চিঠি তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থা আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকার পাশাপাশি ইউনিটের কার্যক্রম আরও জোরদার করে ঝালকাঠিকে একটি মডেল ইউনিটে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।