মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকায় সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় টানা ১৭ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি মনতলা স্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি মনতলা রেলস্টেশন অতিক্রম করার সময় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন পাশের খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করে। কিছু লোক লাইনচ্যুত ওয়াগন থেকে তেল লুটের চেষ্টা করলে পরে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা তেল লুটপাট বন্ধ করেন এবং প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেন। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, এখন পর্যন্ত দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। বাকি ওয়াগনগুলো উদ্ধারের কাজ চলমান থাকায় রেল যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি।
সিলেট রুটে ১৭ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কোন মন্তব্য পাওয়া যায়নি