সোহেল হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য, শাহজাদপুরে বিএনপির মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোহেল হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য, শাহজাদপুরে বিএনপির মানববন্ধন..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সোহেল হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য, শাহজাদপুরে বিএনপির মানববন্ধন..
সোহেল হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য, শাহজাদপুরে বিএনপির মানববন্ধন..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৪) হত্যাকাণ্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি।..

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৪) হত্যাকাণ্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার মনিরামপুর বাজার চৌরাস্তা থেকে উপজেলা পরিষদের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সহ-সভাপতি রেজাউল করীম রাজা, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় নিহত সোহেলের মা রুবি খাতুন ও মামা আব্দুল আলিম বাঘাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সোহেল হত্যা কোনো রাজনৈতিক ঘটনা নয়। কিন্তু এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিতকে জড়িয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা অভিযোগ করেন, সাইফ মোস্তাফিজের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা রয়েছে।

বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত না থাকলে তাকে শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে ঈদের বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর সংশ্লিষ্টতার অভিযোগে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator