ট্রেনে করে সীতাকুণ্ড থেকে সজিনার চালান যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মৌসুমের শুরুতেই ব্যাপক হারে উৎপাদিত হচ্ছে সজিনা (ড্রামস্টিক)। স্থানীয় উৎপাদক ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রতিদিন শত শত কেজি সজিনা কিনে নিচ্ছেন স্থানীয় ও বাইরের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এসব সজিনা ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মো. মানিক জানান, আজ তিনি প্রায় ১ হাজার কেজি সজিনা কিনে ব্রাহ্মণবাড়িয়া, ছড়ারচর ও ভৈরব এলাকায় পাঠাচ্ছেন। তিনি বলেন, “আজ সজিনার মানভেদে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি।”
অপরদিকে ভৈরবের ব্যবসায়ী আবদুল মোতালেব বলেন, “প্রতিবছর সজিনার মৌসুমে আমি সীতাকুণ্ডে আসি। আজ প্রায় ২০০ কেজি সজিনা কিনে কুলিয়ার চর, ভৈরব এলাকায় পাঠাচ্ছি।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সজিনা ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে, যা স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য লাভজনক হয়ে উঠেছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্রেনযোগে পণ্য পরিবহনে খরচ কম এবং তুলনামূলক নিরাপদ হওয়ায় তারা এই মাধ্যমটি ব্যবহার করছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, “প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য, বিশেষ করে সজিনা, ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।”
তিনি আরও বলেন, ভাড়া তুলনামূলক কম হওয়ায় ব্যবসায়ীরা ট্রেনকে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করছেন। সীতাকুণ্ড থেকে ১শ কেজির একটি সজিনার চালান ব্রাহ্মণবাড়িয়া পাঠাতে প্রায় ২০০ টাকা খরচ হয়।