ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয় পর্যায়ের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “নির্ভর ফাউন্ডেশন”।
গত ১৫ মার্চ ২০২৬ থেকে শুরু করে সংগঠনটির মনপুরা উপজেলার স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, নুডুলস, সেমাই, দুধ, চিনি ও কিসমিস।
দুর্গম উপকূলীয় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে সরাসরি গিয়ে এই সহায়তা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন নির্ভর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম করিম, মনপুরা সরকারি কলেজ টিম লিডার মুশফিকুর রহিম এবং ভোলা জেলা আপডেট ম্যানেজার রোমানা শিকদার।
সংগঠনটির চেয়ারম্যান জনাব আসাদ হোসাইন মুঠোফোনে জানান, উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নির্ভর ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব রাজিব হাসান রিয়াদ বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাময়িক সহায়তা প্রদান নয়; বরং এসব পিছিয়ে পড়া মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা।”
ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।