উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাটকে আলোকিত করতে চাই : ত্রাণমন্ত্রী দুলু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাটকে আলোকিত করতে চাই : ত্রাণমন্ত্রী দুলু..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাটকে আলোকিত করতে চাই : ত্রাণমন্ত্রী দুলু..
উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাটকে আলোকিত করতে চাই : ত্রাণমন্ত্রী দুলু..
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাট জেলাকে একটি সমৃদ্ধ ও আলোকিত জেলায় পরিণত করা হবে।
শুক্রবার (দুপুরে) লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ইশতেহার অনুযায়ী সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। সেই ইশতেহারের প্রতি আস্থা রেখেই জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়েছে। তাই ইশতেহারের আলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে।
তিনি আরও জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, কৃষি ঋণসহ কৃষি ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
মন্ত্রী বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অপরাধ দমনে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। সেই পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবেই এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এসব কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে পারেন, তাহলে উপজেলা বা জেলা পর্যায়ের কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে বা নির্ধারিত সময়ে অফিসে না এলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator