হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা

Rakibul Islam avatar   
Rakibul Islam
হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা
হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহ্যবাহী নওগাঁ ও বিনসাড়া হাটের অবকাঠামোগত দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। কোটি টাকার ইজারা হলেও দীর্ঘদিন ধরে এসব হাটে দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে।

নওগাঁ হাটের ইজারাদার মো. নিজাম উদ্দিন জানান, চলতি মৌসুমে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা দিয়ে হাটের ইজারা নেওয়া হয়েছে। অথচ হাটের ভেতরে নেই প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন। বেশ কয়েকটি সেড ভেঙে পড়েছে, অভ্যন্তরীণ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাটজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা ব্যবসা পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অপরদিকে, উপজেলার সবচেয়ে বড় ধানের হাট হিসেবে পরিচিত শত বছরের পুরোনো বিনসাড়া হাট এখন কার্যত ধ্বংসের মুখে। হাটের ইজারাদার নুরুল ইসলাম বলেন, “এখানে কোনো স্থায়ী সেড নেই। বাধ্য হয়ে কৃষকরা সড়কের দুই পাশে ধান বিক্রি করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, হাটে পর্যাপ্ত ছাউনি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ধান বিক্রি করতে হয়। এতে একদিকে যেমন কষ্ট বাড়ছে, অন্যদিকে পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাট দুটি থেকে প্রতি বছর বিপুল রাজস্ব আদায় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কোনো টেকসই উন্নয়ন হচ্ছে না। দ্রুত আধুনিক সেড নির্মাণ, রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা না হলে ঐতিহ্যবাহী এই হাটগুলো আরও সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক, ব্যবসায়ী ও এলাকাবাসী।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator