আজ রোববার (০৪ জানুয়ারি) বাদ আসর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং বালুবাড়ী আইন কলেজ মোড় বিএনপি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মিনার সংলগ্ন একটি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একইসাথে তিনি দিনাজপুর-৩ আসনের ধানের শীষের অকালপ্রয়াত সম্ভাব্য পদপ্রার্থীকে স্মরণ করে বলেন, "তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।" তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, দল ও জনগণ সুযোগ দিলে তিনি মরহুম নেতার অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবেন।
উক্ত মাহফিলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।