হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিগত বছরের ন্যায় বাঁধ নির্মাণ ও মেরামতে পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে। কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হলেও ১৯ দিন পেরিয়ে গেছে। হালি,শনি ও মহালিয়া হাওরের ২৭ পিআইসির মধ্যে এখনো শুরু হয়নি কোন কাজ। উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, উপজেলায় এবছর হালি, পাগনা,মিনি পাগনা, শনি, মহালিয়া ও জলভাঙা হাওরে ৪১ টি পিআইসির বিপরীতে মোট বরাদ্দ হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার টাকা।গতকাল শনিবার দিনব্যাপী হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটি নেতৃবৃন্দরা হালি,মহালিয়া ও শনির হাওরের ২৭ টি পিআইসি সরেজমিনে পরিদর্শন করেন।
গত ১৫ ডিসেম্বর হালির হাওরের ২০ নম্বর পিআইসির কাজ উদ্বোধন করা হলেও এরপর থেকে কোন কাজ করা হয় নি। এছাড়াও বাকী ২৬ টি পিআইসিতে এখনো কোন কাজ শুরুর লক্ষন দেখা যায় নি , এমনকি কোন প্রকল্পেই সাইনবোর্ড নেই ।
এব্যাপারে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব বলেন, আমরা সারাদিন ব্যাপী তিনটি হাওরে ২৭ টি প্রকল্প এলাকা পরিদর্শন কালে কোন পিআইসির লোক পাইনি। কাজ শুরুর ১৯ দিন অতিবাহিত হলেও তিনটি হাওরের ২৭ পিআইসিতে কোন কাজ করতে দেখা যায় নি। এমনকি অনেক প্রকল্পে অনেকাংশে মাটি অক্ষত থাকলেও অপ্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলে লোক মূখে শুনা যায়। এতে করে সরকারের অতিরিক্ত অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে। প্রকল্প গুলোতে কেন এখনো কাজ শুরু হয়নি এবং অপ্রয়োজনীয় বরাদ্দের ব্যাপারে পাউবোর উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন,ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দদের নিয়ে পরিদর্শন করেছি। পরিদর্শন করে দেখা যায়, বিগত বছরের তুলনায় অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও বরাদ্দের পরিমাণ এবছর বেশি। বিষয়টি নিয়ে জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুতর সহকারে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। বাঁধের কাজে যে কোন ধরনের অনিয়ম দূর্নীতি হলে হাওর বাঁচাও আন্দোলন সক্রিয় ভূমিকা পালন করবে।
পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, হালি,শনি মহালিয়ায় কাজ শুরু না হলেও পাগনার হাওরের ৫ টি পিআইসির কাজ শুরু হয়েছে। ২৮ শে ডিসেম্বর ওয়ার্ক অর্ডার দিয়েছি। অনেক পিআইসি গাড়ীর সাথে চুক্তি করেছেন, আশা করি কয়েকদিনের মধ্যে অধিকাংশ পিআইসির কাজ শুরু হবে। বাঁধের পাশ থেকে প্রতি বছর মাটি কাটার কারণে নিকটবর্তী স্থানে মাটি পাওয়া যাচ্ছে না। তাই দূর থেকে মাটি সংগ্রহ করার কারণে বরাদ্দ কিছুটা বেড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৪-২৫ অর্থ বছরের চতুর্থ কিস্তিতে মোট বিল বরাদ্দের ৮১ পার্সেন্ট দেওয়া হয়েছে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব, সদস্য আবুল হোসেন, খুরশিদ আলম, মঈন উদ্দিন, আমিরুল হক, আইনুল হক,আয়ুব খান প্রমূখ।