মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল

Juwel Hossain avatar   
Juwel Hossain
মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল
মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল
ছবি: সংগৃহীত
প্রধান নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।..

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় মিছিল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এই মিছিলটি শহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

দলীয় পতাকা, ব্যানার ও বিজয়ের শ্লোগানে মুখরিত মিছিলটির সার্বিক নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাংগঠনিক শক্তি ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন অনেকেই। বিজয় দিবসের এই কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ও দিকনির্দেশনা মিছিলকে করে তোলে শৃঙ্খলাবদ্ধ ও প্রাণবন্ত।

ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান টুকু বলেন, “আমরা ফ্যাসিবাদী হাসিনাকে সরিয়েছি; কিন্তু তার চেয়েও বড় শত্রুর উত্থান ঘটছে। তাই যুবক-তরুণদের জেগে থাকতে হবে, পাহারা দিতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মহান বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। শ্লোগানে শ্লোগানে বিজয়ের চেতনা ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির এই কর্মসূচি দলটির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যেখানে সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্ব ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator