সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কৃষকের গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে পাঁচটি গরু। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১২ থেকে ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।
ক্ষতিগ্রস্ত কৃষক রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান। খামারি আব্দুর রাজ্জাক জানান, গোয়াল ঘরে মোট সাতটি গরু ছিলো—এর মধ্যে পাঁচটি গাভী, একটি বাছুর ও একটি ষাড়। পুড়ে মারা যাওয়া পাঁচটি গরুর মধ্যে তিনটি ছিলো গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর। আহত দুইটি গরুর অবস্থাও আশঙ্কাজনক।
খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেলে তা প্রান্তিক কৃষকের মাঝে পৌঁছে দেওয়া হবে।
স্থানীয় এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।