মাধবপুরে সরকারি রাস্তার ওপর বাউন্ডারি দেয়াল: ৭ গ্রামের মানুষের দুর্ভোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে সরকারি রাস্তার ওপর বাউন্ডারি দেয়াল: ৭ গ্রামের মানুষের দুর্ভোগ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে সরকারি রাস্তার ওপর বাউন্ডারি দেয়াল: ৭ গ্রামের মানুষের দুর্ভোগ..
মাধবপুরে সরকারি রাস্তার ওপর বাউন্ডারি দেয়াল: ৭ গ্রামের মানুষের দুর্ভোগ..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তা দখল করে পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাত গ্রামের বাসিন্দারা। ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকায় রাস্তার দুই থেকে তিন ফুট জায়গা দখল করে দেয়াল তোলায় দেবপুর, গোবিন্দপুর, তুলসীপুর, মোহনপুর, কালিকাপুর, দেবনগর ও অলিপুর গ্রামের প্রায় ২০–৩০ হাজার মানুষের স্বাভাবিক চলাচল কার্যত বাধাগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ—খেলাফত মজলিসের স্থানীয় নেতা মাওলানা আব্দুল ওহিদ সরকারিভাবে নির্ধারিত যোগাযোগপথ সংকুচিত করে ব্যক্তিগত সুবিধার জন্য পাকা দেয়াল তুলেছেন। এতে ছোট গাড়িও নিরাপদে চলতে পারছে না, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কৃষিপণ্যের পরিবহন ব্যাহত হওয়ায় কৃষকরাও বিপাকে রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন ধর্মঘর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও জুলাই মামলার বাদী আমিনুল রহমান আমিন। তিনি বলেন, “জামায়াত জোটের প্রভাব দেখিয়ে সরকারি রাস্তা দখল করে তারা দেয়াল তুলছে। মানুষ কষ্টে আছে, এটা কি কেউ দেখবে না? আমরা রাজনৈতিক ও মানবিক দিক থেকে এ অন্যায়ের প্রতিবাদ করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাওলানা আব্দুল ওহিদ বলেন, “পারিবারিক কবরস্থান রক্ষার জন্য দেয়াল করেছি। রেকর্ড অনুযায়ী ভুল করিনি। তবে প্রয়োজনে দেয়াল ভাঙতে প্রস্তুত।”

এ বিষয়ে উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন জানান, “কোনো যুবদল নেতা অযথা মন্তব্য করলে দলীয়ভাবে জবাব দেওয়া হবে। আর আমাদের কোনো নেতা ভুল করলে আলোচনা করে সমাধান করা হবে।”

স্থানীয়দের অভিযোগ—রাস্তা দখলের ঘটনায় বহু মানুষই ভয় ও সামাজিক চাপের কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে সাধারণ মানুষের দাবি একটাই—
“রাস্তা সবার। রাজনৈতিক পরিচয় নয়, মানুষের চলাচলের পথ ফিরিয়ে দিন।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator