গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং ঢাকার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
উপজেলার ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৯১২ জন সহকারী শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফলে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠচ্যুত হয়ে পড়েছে। বিদ্যালয়গুলোতে পাঠদানের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
শিক্ষক নেতারা জানান, গত শনিবার রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে তারা কর্ম বিরতিতে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “আমরা গলাচিপা থেকে শতাধিক শিক্ষক ঢাকায় অবস্থান করে আন্দোলনে অংশ নিচ্ছি। আমাদের দাবি না মানা পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরা সম্ভব নয়।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাসেম মিয়া কোনো বক্তব্য দিতে রাজি হননি। শিক্ষার্থীদের ভোগান্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি নীরবতা পালন করেন। জানা গেছে, সহকর্মীদের কর্মবিরতি সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।
শিক্ষকরা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। এর ফলে দীর্ঘায়িত শিক্ষাব্যাহত পরিস্থিতিতে অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন।