পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
পরে আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক।
এ ছাড়া বক্তব্য রাখেন আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, এবং জেলা অর্থ সম্পাদক হোসনেয়ার পপি প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।