মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও কর্মবিরতিতে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ফাঁকা ছিল, পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা।
শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষক নেত্রী তন্নি রহমান বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এটি কোনো বিলাসিতা নয়, অধিকার আদায়ের লড়াই।”
অন্যদিকে শিক্ষক বানী মাধব দাস ক্ষোভ প্রকাশ করে বলেন,
“চেয়েছিলাম দশম গ্রেড, কিন্তু পেলাম রাবার বুলেট। এখন আর আলোচনা নয়, চাই প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন থামবে না।”
একই সুরে শিক্ষক মকুল ইসলাম জানান,
“আন্দোলন চলছে, চলবে—প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার হবে না।”
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন,
“নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর কিংবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক—সকলেই স্নাতক ডিগ্রিতে দশম গ্রেডে বেতন পান। অথচ আমরা স্নাতক ডিগ্রি ছাড়াও সিএনএড, বিপিএড, বিটিপিটি কোর্স সম্পন্ন করেও ১৩তম গ্রেডে রয়েছি। এটি অন্যায় বৈষম্য।”
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল ইসলাম বলেন,
“কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন বলে শুনেছি। তবে আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো হাতে পাইনি।”
শিক্ষকদের দাবি—ন্যায্য গ্রেড সমন্বয়ের সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।