কুমিল্লার তিতাসে বিএনপির ৩১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে এক ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ওমর ফারুক মুন্না। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের বার্তা।
শুক্রবার সকাল ১০টায় আসমানিয়া বাজার থেকে শুরু হয়ে দুলারামপুর, হরিপুর ও নারায়নপুর বাজারসহ তিতাস উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি বাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুন্না। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন,
“এই কর্মসূচি শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।”
প্রচারণায় অংশ নেন—শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফারুক ইসলাম, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন স্বপন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাতেম আলী, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিন সরকারসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন সরকার।
স্থানীয় জনগণের মাঝে তরুণ নেতা মুন্নার উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, সময় এসেছে নেতৃত্বে পরিবর্তনের—যেখানে মাঠপর্যায়ের সক্রিয়, সাহসী ও শিক্ষিত তরুণদের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত।