মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : যশোরের অভয়নগর উপজেলার তালতলা বাজার এলাকায় যশোর–খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন নারী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম আব্দুর রহিম বিশ্বাস (৬২)। তিনি খুলনার ফুলতলা উপজেলার খাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে।
আহত নারী রহিমা বেগম (৬০) একই উপজেলার যুগ্নিপাশা গ্রামের বাসিন্দা ও ইজিবাইকের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি ইজিবাইক তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গড়াই’ পরিবহনের যশোরগামী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। আহত নারী যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে ভর্তি করা হয়েছে, আর চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, “দুর্ঘটনার পর বেপরোয়া গতির বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”