কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবক কাউছারের মর্মান্তিক মৃত্যু !
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ কাউছার (২৬) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোঃ কাউছার উপজেলার মসূয়া ইউনিয়নের প্রেমারচর গ্রামের মোঃ চাঁন মিয়ার একমাত্র পুত্র। অল্প কিছুদিন আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোক ও আহাজারিতে ভেঙে পড়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কাউছার নিজ বাড়িতে রান্নার প্রস্তুতির সময় গ্যাস চুলা থেকে আগুন নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর গুরুতর অবস্থায় ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান।
তরুণ কাউছারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো প্রেমারচর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। অশ্রুসিক্ত নয়নে স্বজন ও প্রতিবেশীরা জানান, সদ্য বিবাহিত এই তরুণ অত্যন্ত পরিশ্রমী, ভদ্র ও প্রিয় মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, বাড়িতে ব্যবহৃত পুরনো বা ক্ষতিগ্রস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সময়মতো সিলিন্ডারের রেগুলেটর, পাইপ ও ভাল্ভ পরীক্ষা না করলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।