এই কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে শিশু-কিশোরদের মধ্যে টাইফয়েডের টিকা সম্পূর্ণভাবে গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সব শিশু ও কিশোরের মধ্যে এই টিকা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই টিকা শিশুকে টাইফয়েড থেকে ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। অন্যদিকে, নতুন খবর হলো, অভিভাবকরা এখন বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে, যা টিকা গ্রহণের সময় দেখাতে হবে।
মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন কীভাবে করবেন:
প্রথম ধাপ:
- ওয়েবসাইটে প্রবেশ করুন: https://vaxepi.gov.bd/registration/tcv
- শিশুর জন্মতারিখ (দিন, মাস, বছর) সঠিকভাবে লিখুন।
- শিশুর জন্ম নিবন্ধন সনদের ১৭ অংকের নম্বরটি ইংরেজিতে লিখুন।
- লিঙ্গ নির্বাচন করুন—পুরুষ বা নারী।
- ক্যাপচা কোড দেখানো হবে, সেটি লিখে তথ্য যাচাই করুন।
পরবর্তী ধাপ:
6. শিশুর মা-বাবার ফোন নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) এবং বর্তমান ঠিকানা লিখুন। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘সাবমিট’ বোতামে ক্লিক করুন।
7. আপনার ফোনে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
দ্বিতীয় ধাপ:
8. এবার টাইফয়েড টিকা নির্বাচন করুন। তারপর দেখাবে—স্কুলে পড়ুয়া (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুলের বাইরে থাকা শিশু (৯ মাস থেকে ১৫ বছর কম)। উপযুক্ত অপশন নির্বাচন করুন।
9. নিবন্ধন সম্পন্ন হলে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী প্রিন্ট নিন।
এভাবে সহজে মোবাইল বা কম্পিউটার থেকে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।