যশোরে পৃথক দুটি স্থানে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন আপন খালাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার লাউখালী এলাকায় দুপুরে পানিতে ডুবে মারা যায় মুজাহিদ (৭) ও আপন হোসেন (৮)। মুজাহিদের বাড়ি সুলতানপুর গ্রামে এবং আপন হোসেনের বাড়ি রসুলপুর গ্রামে। সম্পর্কে তারা খালাতো ভাই।
মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুজনই সদর উপজেলার বারীনগর এলাকায় তাদের নানাবাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। খেলা করার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে মুজাহিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আপনকেও আনা হলে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।
একই দিনে সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে আরও এক শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। নিহত তাওহীদ হাসান (৫) ওই গ্রামের বিপুল হোসেনের ছেলে। সে পাশের ইসলামপুর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।
তাওহীদের নানা তরফ আলী জানান, সকালে খেলতে গিয়ে তাওহীদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক স্থানে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে মুজাহিদ ও আপন পরস্পর খালাতো ভাই।