আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী’র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। এছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলাম প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে । তারা জনগণের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সমাবেশে মান্দার সকল ইউনিয়নের জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।