কটিয়াদীতে ৭ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ শুরু
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
কিশোরগঞ্জ কটিয়াদিতে রবিবার ২৪-০৮-২০২৫ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোঃ উসমান গনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গরু মোটাতাজাকরণ আধুনিক কৃষি ও পশুপালন খাতের একটি সম্ভাবনাময় দিক, যা সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারলে স্বল্প সময়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। গবাদিপশু পালন এবং গরু মোটাতাজাকরণ এখন লাভজনক খাত হিসেবে পরিচিতি পাচ্ছে। এ প্রশিক্ষণ গ্রহণ করে যুবক-যুবতীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও অবদান রাখতে সক্ষম হবে।”
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গরু মোটাতাজাকরণের আধুনিক কৌশল, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বাজারজাতকরণ ও উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এতে তারা শুধু পশুপালনে দক্ষ হবেন না, বরং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকায় আরও তরুণকে উদ্বুদ্ধ করবেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন।
আয়োজনে: যুব উন্নয়ন অধিদপ্তর, কটিয়াদী, কিশোরগঞ্জ।