বাংলাদেশের তরুণ প্রজন্মের অভিনেতা ও সাংবাদিক মোসাদ্দেক হোসাইন রাফিও একসঙ্গে দুই অঙ্গনে সমানভাবে কাজ করে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। পেশায় তিনি সাংবাদিক হলেও অভিনয় তার নেশা, আর এই দুই ক্ষেত্রকেই তিনি সমানভাবে এগিয়ে নিতে চান।
রাফিও টেলিভিশন নাটক, ইউটিউব কনটেন্ট ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। বিশেষ করে জনপ্রিয় নাটক “কিস্তির স্যার”-এ তার অভিনয় তরুণ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া ধুসর, স্বামীর মন, বউয়ের মন পুলিশ পুলিশ, কিচির মিচির, তুমি না ডাকলে আসবো না, আনচান এ মন, নরসুন্দরী, মায়া, এক জনমে ভালবেসে, অবশেষে তুমি আমি, এই বউ আমার না, হৃদয়ের মাঝে তুই, লিডার, বেসামাল প্রেম, অফিস বস, ওয়ার্নিং সিরিজ, সেটিং পোলাপান, ডাবল সেটিং, লেডি গুন্ডি, আর্তনাদ, চাষীর সুখ দুঃখ সহ একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
তার অভিনীত প্রথম সিনেমা “অপারেশন জ্যাকপট” শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির পর বড় পর্দায়ও রাফিওর সম্ভাবনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া বিজ্ঞাপন জগতেও কাজ করেছেন রাফিও। প্রাণ গ্রুপ এবং Melody & Co.–এর বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকের নজর কাড়েন তিনি।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি সংগীতনির্ভর কনটেন্টেও হাজির হয়েছেন। আলোচিত মিউজিক ভিডিও “তোমাদের রোমিও”-তে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে। নাটক, চলচ্চিত্র ও সংগীতনির্ভর কনটেন্ট–সব জায়গায়ই তিনি নিজের স্বকীয়তা প্রমাণ করে চলেছেন।
শুধু অভিনয় নয়, সংবাদ মাধ্যমেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। সাংবাদিক হিসেবে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পান, যা তার অভিনয় জীবনকেও সমৃদ্ধ করছে।
রাফিও বলেন, “দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চেষ্টা করছি একসঙ্গে দুটি অঙ্গনেই সৎভাবে কাজ করতে। সাংবাদিকতা আমার পেশা, কিন্তু অভিনয় আমার আত্মার তৃপ্তি।”
বিনোদন জগৎের অনেকেই মনে করছেন, ধারাবাহিকভাবে পরিশ্রম করে গেলে মোসাদ্দেক রাফিও আগামী দিনে অভিনয়ে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।