মোঃ হাসান বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বান্দরবান বাজার এলাকার ৫ নম্বর গলিতে পরিচালিত এই অভিযানে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামণি।
প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এ সময় অভিযানে সহায়তা করেন তুষার কান্তি নাথ, অসিত কুমার চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন—> “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবৈধ পণ্য বিক্রি ও ব্যবহার রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হিরামণি বলেন—> “পরিবেশ রক্ষায় বান্দরবান জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। আমরা চাই সবাই সচেতন হোক এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকুক।”
উল্লেখ্য, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে এবং জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। সরকার ২০০২ সালেই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে।
তবুও কিছু অসাধু ব্যবসায়ী এখনো গোপনে এ পণ্য বাজারজাত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।
পরিবেশ রক্ষায় এবং সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।