মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংঘটিত মর্মান্তিক ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৫ জুলাই ২০২৫, শুক্রবার সকালে এই দোয়া মাহফিলের আয়োজন করে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বক্তৃতায় মীর সরফত আলী সপু গভীর শোক প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, গোটা জাতির অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাদের জান্নাত নসীব করেন এবং পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম এবং শ্রীনগর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ রানা। এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। তাঁরা সকলে নিহতদের স্মরণে নীরবতা পালন করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
বক্তারা এই দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশে সাম্প্রতিককালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা দেশের শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতি আবারও প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত।
মাহফিল শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।