সত্যজিৎ দাস:
দল পুনর্গঠন প্রক্রিয়ায় বিএনপির কোনো কমিটিতে আওয়ামী লীগের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, “বিএনপিতে কোনো গ্রুপ নেই,একটাই গ্রুপ—তারেক রহমানের নেতৃত্বে ধানছড়া প্রতীকের বিজয়ের গ্রুপ।”
শুক্রবার (৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন,“ধানছড়া প্রতীক যার হাতে যাবে, তার জন্য জীবন বাজি রেখে আমরা প্রতিটি ভোটকেন্দ্র বিজয়ী করবো। এটি আমাদের ঈমানি দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলকেই ক্ষমতা দিয়েছেন-এখন আর জেলা কিংবা উপজেলা থেকে ‘পকেট কমিটি’ গঠনের সুযোগ নেই।”
তিনি আরও বলেন,“ইউনিয়ন কমিটির পর ওয়ার্ড কমিটি গঠিত হবে এবং এসব কমিটির মাধ্যমেই নির্বাচনের সময় কেন্দ্র কমিটি তৈরি হবে। তৃণমূলের কর্মীদের মতামত নিয়েই তৈরি হবে উপজেলা ও জেলা কমিটি। কেন্দ্র থেকে আর কাউকে চাপিয়ে দেওয়া হবে না। এসব কর্মী সমাবেশই প্রমাণ করে আমরা মাঠে নেমেছি।”
কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন;- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী ও মো. মকসুদ আলী।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন।