সীতাকুণ্ডে শাহান শাহ শাহজাহানকে স্মরণ, আবেগঘন বক্তব্য নাজমুল নাহার নেলীর
এম. জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম চৌধুরী মোহাম্মদ শাহান শাহ শাহজাহানের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ আগষ্ট) শোক র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন তাঁর সহধর্মিনী এবং সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার চৌধুরী নেলী।
বক্তব্যে তিনি মরহুম শাহান শাহ শাহজাহানের কর্মময় জীবন, সমাজসেবায় তাঁর আত্মনিবেদন এবং সোনাইছড়ি ইউনিয়নের সার্বিক উন্নয়নে রেখে যাওয়া অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই ছিল মরহুম শাহান শাহ শাহজাহানের জীবনের অন্যতম ব্রত। তাঁর সততা, জনসেবার মানসিকতা ও মানবিক মূল্যবোধ আজও এলাকাবাসীর কাছে প্রেরণার উৎস এবং আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুম শাহান শাহ শাহজাহানের কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট