লালমনিরহাটে সারের দাবিতে রাস্তা অবরোধ

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে সারের দাবিতে রাস্তা অবরোধ
লালমনিরহাটে সারের দাবিতে রাস্তা অবরোধ
ছবি: সংগৃহীত

এ কে এম কায়সারুল আলম

চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে বিক্ষোভ ও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন আমন চাষিরা।

সোমবার (১০ আগস্ট) সকালে কালীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার কৃষক। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহের জন্য তারা স্থানীয় মাধু ভট্টাচার্য ডিলার পয়েন্টে যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে চাহিদা অনুযায়ী সার পাননি। একপর্যায়ে কৃষকদের সার না দিয়েই ডিলার পয়েন্টটি বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন তারা।
কৃষকেরা বলেন, সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়টি শোনেন এবং আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকেরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করেন কিংবা সারে কোনো অনিয়ম করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator