মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার জগদীশপুর এলাকায় বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে। কারখানা সূত্রে জানা যায়, ভোরে কারখানার একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক সুকোমল ভট্টাচার্য্য হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।