বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের (ডিডি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলা আহ্বায়ক মাওলানা মো. মানফুজুর রহমান, জেলা সদস্য সচিব মুফতি জাহিদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলার ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়, ইমাম-খতীবদের ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ইতোমধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। মসজিদে খুতবা ও বিভিন্ন ধর্মীয় সমাবেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মাদকবিরোধী এ সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেন সংস্থার নেতৃবৃন্দ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমাম-খতীবদের মাধ্যমে জনসচেতনতা তৈরির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা। এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের ব্যানারে আগামী ১৩ অক্টোবর বাগেরহাটে বৃহৎ পরিসরে ইসলামী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সংস্থার নেতৃবৃন্দ জানান, সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ইমাম-খতীব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশ নেবেন। সেখানে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি, মাদকবিরোধী সচেতনতা এবং যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হবে। জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম, মাদক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করাও ইমাম-খতীবদের গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এ কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেন, ১৩ অক্টোবরের ইসলামী সম্মেলনটি বাগেরহাটের ধর্মপ্রাণ মানুষের বৃহৎ সমাবেশে পরিণত হবে এবং মাদকমুক্ত, নৈতিক ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকবিরোধী জনসচেতনতায় ইমাম-খতীবদের কার্যক্রম অব্যাহত
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি