মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মাত্র তিনজন শিক্ষার্থী অংশ নেয়। তবে তিনজনই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টি এবারই প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাঠিয়েছে।
সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়টিও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে চারজন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, “কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি।”
শিক্ষাবিদদের মতে, কোনো প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, অভ্যন্তরীণ মূল্যায়ন ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি করে। এ ধরনের ফলাফলের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।