আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ এই সমাজ সেবক সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
পেশাগত ও রাজনৈতিক জীবনের পাশাপাশি মো. আলমগীর হোসেন বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় মো. আলমগীর হোসেন বলেন, "আমি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করে একজন জনসেবক হিসেবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।"
এলাকার সাধারণ ভোটারদের মতে, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার বিচারে মো. আলমগীর হোসেন একজন যোগ্য প্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বত্র মো. আলমগীর হোসেনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ, আলোচনা ও উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।