মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারাদেশে পূজামণ্ডপগুলোতে সাজসজ্জা ও আয়োজন শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে পুরোহিত, আয়োজক ও ভক্তরা।
এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির মিলনমেলা। এ উৎসব ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
একই শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও সমাজসেবক ওবায়দুর রহমান ওভি। তিনি বলেন, “বাংলার ঐতিহ্যের ধারক এই উৎসব হিন্দু-মুসলমান সকলের অংশগ্রহণে আজ সর্বজনীন আকার ধারণ করেছে। আমরা চাই সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সমাজ গড়ে তুলতে।”
এছাড়া সাভার পৌর ছাত্রদল নেতা হুমায়ুন কবির রাহাত শুভেচ্ছা বার্তায় বলেন, “দুর্গোৎসব সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এই উৎসব আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে। আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।”
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। একই সঙ্গে মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতারাও নানা উদ্যোগ নিচ্ছেন।
বাংলাদেশে দুর্গোৎসব এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালি সংস্কৃতির বহুত্ববাদী ঐতিহ্যের প্রতীক এই উৎসব সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে বলেই আশা নেতৃবৃন্দের।