খুলনার ডুমুরিয়া উপজেলায় বিল ডাকাতিয়ার খালের দুই পাড়ে ৫০০ নারকেল চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়ার কৃষ্ণনগর-নিমতলা খালের দুই পাড়ে সম্প্রতি প্রায় ৫০০টি নারকেল চারা রোপণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণের অংশগ্রহণে এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে গৃহীত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি দীর্ঘমেয়াদে তাদের জন্য বহুমুখী উপকার বয়ে আনবে। খালের পুনঃখননের ফলে খালের দুই পাড়ে উন্মুক্ত ভূমি তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রোপণ করা হয়েছে নারকেল গাছের চারা, যা ভবিষ্যতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। কৃষ্ণনগর গ্রামের ওষুধ প্রতিনিধি সবুজ মন্ডল বলেন, 'স্বাধীনতার পর এই এলাকায় জনকল্যাণে এমন উদ্যোগ খুব কমই দেখা গেছে। আমরা আশা করি, এই নারকেল গাছগুলো একদিন এলাকার মানুষের উপকারে আসবে।'স্থানীয়দের মতে, এই উদ্যোগটি স্থানীয় কৃষক, জেলে এবং পথচারীদের জন্য এক ধরনের আশীর্বাদ। খালের দুই পাড়ে নারকেল গাছের সারি এলাকায় একটি সবুজ ও মনোরম পরিবেশ তৈরি করবে। নিমতলা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় মন্ডল, আশীষ বালা এবং বাবু সমারেশ মন্ডল জানান, 'খালের দুই পাড়ে নারকেল গাছ লাগানোর ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ডাবের পানিতে আশেপাশের লোকজন উপকৃত হবেন।'প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিশেষ ভূমিকা রয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, 'নারকেল গাছ যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি ডাব ও নারকেল মানুষের নানাভাবে উপকারে আসে। চেয়ারম্যানের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।'রুদাঘরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি. এম. আমানউল্লাহ বলেন, 'বিল ডাকাতিয়ার কৃষ্ণনগর-নিমতলা খালের দুই পাড়ে নারকেল গাছ লাগানো একটি সময়োপযোগী উদ্যোগ। এটি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণে নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।'ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, 'বিল ডাকাতিয়ার খালের দুই পাড়ে নারকেলের চারা রোপণ করা অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী উদ্যোগ। এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ভবিষ্যতে স্থানীয় নারকেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে এ কার্যক্রম সম্প্রসারণ করা গেলে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও নারকেল ও নারকেলজাত পণ্য রপ্তানির সম্ভাবনা সৃষ্টি হবে।'এই উদ্যোগের ফলে খালের দুই পাড় সবুজায়িত হয়ে ওঠার পাশাপাশি স্থানীয় জনগণের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশের সৃষ্টি হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে এই নারকেল গাছগুলো আগামী কয়েক বছরের মধ্যে পূর্ণাঙ্গ হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয়রা আশা করেন, সরকারের সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও ব্যাপক পরিসরে গৃহীত হবে এবং তা এলাকার সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।ট্যাগস: খুলনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, নারকেল, স্থানীয় উদ্যোগ