ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ–১১ ভালুকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু সাহেব ভালুকা উপজেলার ২নং মেদুয়ারি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি বগাজান, জগৎবেড় ও সোয়াইল গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সহযোগিতা পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
ভোটার সাক্ষাৎকালে স্থানীয়রা দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা-ঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে তারা তাদের প্রত্যাশার কথা জানান। এ সময় ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু সাহেব ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
গণসংযোগে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনমত গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।