পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নোয়াখালীর বসুরহাট পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় পৌর এলাকার বাইপাস সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাসেম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হালিম উল্যাহ, হিসাবরক্ষক মো. মাইন উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম. গোলাম ছারওয়ার, বাজার পরিদর্শক করিমুল হক সাথী, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাবেক কাউন্সিলর আহছান উল্লাহ শিপন, কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, যুবদল নেতা ওবায়দুল হক রাফেল এবং আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বসুরহাট পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান বলেন, সরকারের সবুজায়ন কর্মসূচিকে সফল করতে পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন স্থানে আরও গাছের চারা রোপণ করা হবে। পরিকল্পিত এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং নগর এলাকায় সবুজ পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।